রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল, পুলিশের ওপর ককটেল হামলা

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল, পুলিশের ওপর ককটেল হামলা

এমটিনিউজ ডেস্ক : রাজধানী ঢাকার কুর্মিটোলায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে ছাত্রলীগের এক মোটরসাইকেল মিছিল থেকে এ ঘটনা ঘটানো হয়। এতে পুলিশের গাড়িচালক কনস্টেবল মো. এনামুল আহত হয়েছেন। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ করা হয়। এতে আর্মি গলফ ক্লাবের সামনে থাকা একটি টহল গাড়িকে লক্ষ করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে গাড়িতে চালকের আসনে থাকা পুলিশ সদস্য আহত হয়েছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। আহত পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি আছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, বনানীর দিক থেকে ৭০-৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে এর মধ্য থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ক্যান্টনমেন্ট থানা পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ দাইনে টিউটিরত টহল গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেন। এতে বিস্ফোরণ ঘটলে গাড়ির চালক কনস্টেবল মো. এনামুলের বাম চোখে সামান্য আঘাত লাগে। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
মন্তব্য ০
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।