ছাত্রদল নেতার বিরুদ্ধে ১২ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় ১২ বছর বয়সী এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. ইমামুল হোসেন বাপ্পী (৩১) নামের একজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত বাপ্পী খিলক্ষেত থানা ছাত্রদলের সহসভাপতি। এমন ন্যক্কারজনক ও অমানবিক ঘটনা জানাজানি হওয়ার পর পুরো নিকুঞ্জ এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় খিলক্ষেত থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিশুটির পালক পিতা মো. ওয়াদুদ মিয়া প্রকাশ সাগর মিয়া (৩৮)।
এদিকে একজন অসহায় প্রতিবন্ধী শিশুর ওপর এমন বর্বরোচিত নির্যাতনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। অবিলম্বে অভিযুক্ত বাপ্পীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাদী সিএনজি চালান আর তার স্ত্রী নাজমা আক্তার নিকুঞ্জ-২-এর ১ নম্বর রোডে চা বিক্রি করেন। খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকার টানপাড়া জামতলায় খ/১২৪ নম্বর টিনশেড বাড়িতে ভাড়া থাকেন তারা। আর সেই বাড়ির পাশের ঘরেই ভাড়া থাকতেন অভিযুক্ত মো. ইমামুল হোসেন বাপ্পী।
এজাহারে অভিযোগ করা হয়েছে, গত বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে শিশুটির মা-বাবা কাজের প্রয়োজনে বাসার বাইরে ছিলেন। ঘরের সেই নীরবতার সুযোগ নিয়ে চকলেট আর টাকার প্রলোভন দেখিয়ে অসহায় ও কথা বলতে না পারা শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বাপ্পী। কাজ শেষে মা-বাবা বাসায় ফিরে মেয়েকে অসুস্থ, রক্তাক্ত ও বিপর্যস্ত অবস্থায় দেখেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে শিশুটি তার ওপর চালানো পাশবিক নির্যাতনের কথা জানায়।
মেয়ের এমন শোচনীয় অবস্থায় দিশাহারা মা-বাবা প্রথমে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থার গুরুত্ব ও জটিলতা বিবেচনায় চিকিৎসক দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এরপর থেকেই ঢামেক হাসপাতালে ভর্তি আছে শিশুটি।
এলাকাবাসীর অভিযোগ, বাপ্পীর উচ্ছৃঙ্খলতা ও বেপরোয়া আচরণ ছিল সীমাহীন। প্রায় রাতেই মদ্যপ অবস্থায় নিকুঞ্জের পথেঘাটে তাকে দেখা যেত এবং সাধারণ মানুষ তার কাছে ছিল জিম্মি।
স্থানীয়দের দাবি, বহু ভুক্তভোগী বাপ্পীর চাঁদাবাজি, হয়রানি ও নানা অপকর্মের বিরুদ্ধে খিলক্ষেত থানা বিএনপির শীর্ষ ব্যক্তির কাছে অভিযোগ দায়ের করেও কোনো বিচার পাননি। বরং অভিযোগ রয়েছে, ওই শীর্ষ ব্যক্তির আস্কারা ও ছত্রছায়াতেই সে সমগ্র এলাকায় নির্বিঘ্নে সকল অপকর্ম ও দৌরাত্ম্য চালিয়ে যেত।
এ বিষয়ে জানতে চাইলে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, বাদীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর-১৫)। ঘটনাটিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। আজ শনিবার (২১ নভেম্বর) মামলার নথিপত্র আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য ০
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।