গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির ভয়াবহ সংঘর্ষ, একশর বেশি আহত

গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির ভয়াবহ সংঘর্ষ, একশর বেশি আহত

এমটিনিউজ ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ১০টি যানবাহনের সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অক্ষত রয়েছেন সংসদ সদস্য।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে একে একে বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকসহ ১০টি যানবাহন সংঘর্ষে জড়ায়।
দুর্ঘটনায় চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নির্বাচনী এলাকার উদ্দেশে যাচ্ছিলেন। মুকসুদপুরে প্রবেশের সময় তার গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। এতে বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
মন্তব্য ০
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।