ব্রেকিং নিউজ : নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

ব্রেকিং নিউজ : নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

এমটিনিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মো. গোলাম রব্বানী শামীমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নবোদয় হাউজিং এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ বোতল কফ সিরাপ ও এক পুরিয়া গাঁজা জব্দ করা হয়েছে।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টা ১০ মিনিটের দিকে নবোদয় হাউজিং এলাকার ওই বাসায় অভিযান চালায় পুলিশ। পরে সেখান থেকে গোলাম রব্বানী শামীমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গোলাম রব্বানী শামীম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিটির সদস্য। পাশাপাশি তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখে ঢাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাশাপাশি দলটির মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।
মন্তব্য ০
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।