সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু

সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু

এমটিনিউজ ডেস্ক : নেত্রকোনার মদনে পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ও টোল আদায়কারীদের সংঘর্ষ থামাতে গিয়ে নিহত হয়েছেন জুলাই যোদ্ধা আব্দুল বারেক (৭০)। ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে একটি চোখ হারানো বারেক সোমবার (২৩ নভেম্বর) দুপুরে টোল আদায়কারীর ঘুষিতে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এক টোল আদায়কারীকে আটক করেছে পুলিশ।
দুপুরে নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের মোড়লবাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত বারেক উপজেলার চকপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে মদনে আসার পথে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা থেকে ২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে যাত্রীদের সঙ্গে টোল আদায়কারীদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় সিএনজিতে থাকা আব্দুল বারেক সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে এক টোল আদায়কারীর ঘুষিতে গুরুতর আহত হন। পরে তাঁকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আতিকুল ইসলাম (১৯) নামে এক টোল আদায়কারীকে আটক করেছে পুলিশ। তিনি পৌর এলাকার আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মদন পৌরসভায় চলাচলকারী যানবাহন থেকে টোল আদায়ের জন্য মুফতি রায়হান আহমেদ পৌরসভা থেকে ইজারা নিয়েছেন। তবে পৌরসভার সীমানার বাইরে গিয়েও দীর্ঘদিন ধরে টোল আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
২০২৪ সালের ১৮ জুলাই মদনে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। ওই সময় পুলিশের গুলিতে ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন। আন্দোলনে অংশ নেওয়া নাতি মেহেদীকে খুঁজতে গিয়ে গুলিবিদ্ধ হন আব্দুল বারেক। প্রথমে তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা তার ক্ষতিগ্রস্ত ডান চোখ অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের পরামর্শ দেন।
‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু ওরফে নবাব আব্দুল বারেকের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, বারেকের গেজেট নম্বর ৬৬১ এবং এমআইএস নম্বর ৩৭৪৭০। ২০২৪ সালের জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন।
বারেকের নিহতের ঘটনায় নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য ০
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।