তাওহিদ হৃদয়ের নতুন ইতিহাস

তাওহিদ হৃদয়ের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়। প্রথম ইনিংসে দুর্দান্ত ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দারুণ ধারাবাহিকতা দেখিয়ে ফিফটি তুলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। তাতেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৩৭ ওভারে সংগ্রহ ২ উইকেটে ১২৭ রান। ৯০ বলে ৬২ রানে অপরাজিত রয়েছেন হৃদয়। প্রথম ইনিংসের রানসহ দুই ইনিংস মিলিয়ে তার সংগ্রহ দাঁড়িয়েছে ৩০৪ রান।
এর আগে এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল মুমিনুল হকের দখলে। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে ১৭৬ ও ১০৫ রান করে মোট ২৮১ রান করেছিলেন অভিজ্ঞ এই বাঁহাতি ব্যাটার।
তালিকার পরের অবস্থানেও রয়েছেন নাজমুল হোসেন শান্ত। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ২৭৩ রান করেছিলেন তিনি। এছাড়া ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টে শান্তর সংগ্রহ ছিল ২৭০ রান।
তবে এবার সবাইকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছে গেলেন তাওহিদ হৃদয়। এক ম্যাচে ৩০০ রানের অনন্য কীর্তি গড়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নিজের নাম লিখিয়ে রাখলেন এই ব্যাটার।
মন্তব্য ০
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।