কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জীবনযাপন

ঘূর্ণিঝড় আকভান তুলনামূলক ধীরগতিতে উপকূলের দিকে এগোচ্ছে

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 days আগে


ঘূর্ণিঝড় আকভান তুলনামূলক ধীরগতিতে উপকূলের দিকে এগোচ্ছে

ঘূর্ণিঝড় আকভান তুলনামূলক ধীরগতিতে উপকূলের দিকে এগোচ্ছে

এমটিনিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় আকভান তুলনামূলক ধীরগতিতে উপকূলের দিকে এগোচ্ছে। বুধবার (১৮ নভেম্বর) মাত্র ৩ কিলোমিটার গতিতে সামনের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়। ভারতের আবহাওয়া বিভাগ বুধবার এ তথ্য জানিয়েছে।

ঘূর্ণিঝড়ের গতির সঙ্গে তার ধ্বংসক্ষমতার সরাসরি সম্পর্ক না থাকলেও এটি কোনো এলাকায় কতটা বৃষ্টিপাত ঘটাবে এবং বন্যার ঝুঁকি কতটা বাড়বে, তা নির্ধারণে এর গতিপথ ও চলার গতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আগামী শুক্রবার (২০ নভেম্বর) ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশের পাশাপাশি প্রতিবেশী তেলেঙ্গানা ও ওড়িশা রাজ্যেও সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে ঘূর্ণিঝড়টির গতির বিষয়টি উল্লেখ করায় প্রশ্ন উঠেছে, এর গতি কেন গুরুত্বপূর্ণ এবং ধীরগতির ঘূর্ণিঝড় এর গতিপথে থাকা অঞ্চলগুলোর জন্য কী ধরনের ঝুঁকি তৈরি করতে পারে?

এর বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় ২০২১ সালে জার্নাল অব হাইড্রোমেটিওরোলজিতে প্রকাশিত একটি গবেষণায়। ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে উপকূলে আঘাত হানা ২৮০টি ক্রান্তীয় ঘূর্ণিঝড় নিয়ে গবেষণাটি করা হয়।

গবেষণায় ঘূর্ণিঝড়ের সামনের দিকে এগিয়ে যাওয়ার গতি এবং এর ফলে সৃষ্ট বন্যার তীব্রতার মধ্যে উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া গেছে। এতে দেখা যায়, যেসব ঘূর্ণিঝড় ধীরগতিতে এগোয়, সেগুলো সাধারণত ক্ষতিগ্রস্ত এলাকায় বেশি পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এতে নদীতে বন্যার আশঙ্কা বেড়ে যায়।

এর কারণও বেশ সহজ। কোনো ঘূর্ণিঝড় একটি এলাকা অতিক্রম করতে বেশি সময় নিলে এর বৃষ্টিবাহী মেঘ ও বায়ুপ্রবাহ দীর্ঘ সময় ধরে একই এলাকায় প্রভাব বিস্তার করে। ফলে সেখানে ক্রমাগত পানি জমতে থাকে।

গবেষণায় আরও দেখা গেছে, ঘূর্ণিঝড়ের সঙ্গে সংশ্লিষ্ট মোট বৃষ্টিপাত বন্যার তীব্রতার অন্যতম প্রধান নিয়ামক। এ ছাড়া ঘূর্ণিঝড়ের আকার ও তীব্রতা, মাটিতে আগে থেকে থাকা আর্দ্রতার পরিমাণ এবং ক্ষতিগ্রস্ত এলাকার ভূমির ঢালও বন্যার মাত্রাকে প্রভাবিত করে।

গবেষকরা উল্লেখ করেছেন, তুলনামূলক দুর্বল ক্রান্তীয় ঝড়ের কারণেও ভয়াবহ বন্যা হতে পারে। অর্থাৎ ঘূর্ণিঝড়ের বাতাসের গতির শ্রেণি দিয়েই এর বন্যা সৃষ্টির সম্ভাবনা নির্ধারণ করা যায় না।

এর এক বছর পর নেচার কমিউনিকেশন্সে প্রকাশিত আরেকটি গবেষণায় ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করা বৃষ্টিপাতের তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের গড় বৃষ্টিপাতের হার প্রকৃতপক্ষে এর সামনের দিকে এগিয়ে যাওয়ার গতির সঙ্গে বাড়ে। গড়ে দ্রুতগতির ঘূর্ণিঝড়ে ধীরগতির ঘূর্ণিঝড়ের তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়। সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর ক্ষেত্রে এ পার্থক্য আরও বেশি।

তবে এর অর্থ এই নয় যে দ্রুতগতির ঘূর্ণিঝড় সামগ্রিকভাবে বেশি বৃষ্টিপাত ঘটায়। কারণ, ধীরগতির ঘূর্ণিঝড় একই এলাকায় দীর্ঘ সময় অবস্থান করতে পারে। ফলে গড় বৃষ্টিপাতের হার কম হলেও দীর্ঘ সময় ধরে বৃষ্টি হওয়ায় মোট বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়।

গবেষকরা দেখতে পেয়েছেন, ধীরগতির ঘূর্ণিঝড় কোনো এলাকায় অতিরিক্ত যত সময় অবস্থান করে, তাতে বৃষ্টিপাতের হারের পার্থক্যজনিত প্রভাবও ছাড়িয়ে যেতে পারে।

অর্থাৎ ঘূর্ণিঝড়ের গতির চেয়েও এর তীব্রতা, আকার, বৃষ্টিপাতের বিস্তৃতি, গতিপথ এবং আশপাশের আবহাওয়াব্যবস্থার সঙ্গে এর পারস্পরিক ক্রিয়া ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।