মিয়ানমারের সামরিক বাহিনীর শীর্ষ পাঁচ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ

মিয়ানমারের সামরিক বাহিনীর শীর্ষ পাঁচ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সামরিক বাহিনীর শীর্ষ পাঁচ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। জেনোসাইড সংঘটনের দায়ে কোনো রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ের পর এ প্রথম মিয়ানমারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিল যুক্তরাজ্য।
নিষেধাজ্ঞার আওতায় আসা মিয়ানমারের পাঁচ সামরিক কর্মকর্তা হলেন মিও হুতুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেট উ, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ার উ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নিষ্ঠুর দমন-পীড়নে হাজারো রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন ৭ লাখের বেশি মানুষ। রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর যুক্তরাজ্য ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
আইসিজের রায়কে স্বীকৃতি দিয়ে যুক্তরাজ্যের সঙ্গে অবস্থান নিয়েছে আরও কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডা। ধারণা করা হচ্ছে, সেসব দেশও কঠোর ব্যবস্থা নিবে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, ‘জেনোসাইডের মতো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়ায় নিজেদের মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে। পাশাপাশি এ বিষয়ে কার্যকর পদক্ষেপও নিতে হবে।’
তিনি আরও বলেন, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংও ২০১৭ সালের জেনোসাইডের সময় দেশটির সামরিক বাহিনীর প্রধান ছিলেন। ওই সময় সংঘটিত বহু নৃশংসতার জন্য তিনি ‘সরাসরি দায়ী’। ২০২১ সালেই তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য।
মিলিব্যান্ড বলেন, ‘মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করতে হবে, বিচার করতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এমন নৃশংস ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করতে হবে।’ সূত্র: বিবিসি
মন্তব্য ০
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।