পাহারাদার ও ফুলানি সম্প্রদায়ের মধ্যে পাল্টাপাল্টি হামলা, নিহত ৭৪

পাহারাদার ও ফুলানি সম্প্রদায়ের মধ্যে পাল্টাপাল্টি হামলা, নিহত ৭৪

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে সাম্প্রদায়িক সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। খবর মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের বর্গু স্থানীয় সরকার এলাকার লুমা বারে সম্প্রদায়ে গত শনিবার সশস্ত্র ব্যক্তিদের হামলার পর সহিংসতা ছড়িয়ে পড়ে। হামলায় প্রথমে পাঁচজন নিহত ও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে নাইজার রাজ্যের গভর্নর মোহাম্মদ উমারু বাগো নিহতের সংখ্যা ৭৪ জনে পৌঁছানোর কথা জানান।
সহিংসতায় বেশ কয়েকটি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে ওই এলাকার গ্রামপ্রধানও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে নাইজেরিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, স্থানীয় কামবারি গোষ্ঠীর সশস্ত্র পাহারাদার ও ফুলানি সম্প্রদায়ের পশুপালকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা থেকে সংঘাতের সূত্রপাত। আগের হামলার প্রতিশোধ নিতে এ সহিংসতা ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
গভর্নর বাগো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। সহিংসতার জন্য দায়ীদের শনাক্ত করতে নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশ দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
মন্তব্য ০
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।