মোহাম্মদপুরে পুলিশের ডিসি অফিসসহ ৫ স্থানে ককটেল হামলা

রাজধানীর মোহাম্মদপুরে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়সহ পাঁচটি স্থানে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে আটক ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে কৃষি মার্কেট, রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেট এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এ ছাড়া বছিলা র্যাব-২ কার্যালয় ও রেসিডেনসিয়াল মডেল কলেজের পাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্যামলী এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
এদিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করলেও সেটি বিস্ফোরিত হয়নি। পরে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করে।
মন্তব্য ০
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।