একযোগে বিএনপির ৩১ নেতার পদত্যাগ

একযোগে বিএনপির ৩১ নেতার পদত্যাগ

এমটিনিউজ ডেস্ক : লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ৩১ জন নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্ড কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে ৫১ সদস্যবিশিষ্ট কমিটির ৩১ নেতা পদত্যাগের সিদ্ধান্ত নেন। পদত্যাগপত্রে ৩১ জন স্বাক্ষর করলেও সোমবার দুপুরে তা জমা দিতে আসেন ১০ জন।
পদত্যাগপত্র জমা দেওয়া নেতারা হলেন—চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন, সহ-সভাপতি মনির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম, কোষাধ্যক্ষ বাবুল, সাংগঠনিক সম্পাদক সহিদ উল্যা, সহ-সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুস ছাত্তার, যুববিষয়ক সম্পাদক নুর নবী, ছাত্রবিষয়ক সম্পাদক হোসেন আহাম্মদ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক নুর আলম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মো. হাশেম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক সিরাজ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হেলাল উদ্দিন, ক্ষুদ্রঋণ ও সমবায় সম্পাদক মো. সাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম, সহ-সম্পাদক মো. হেলাল এবং সদস্য আবুল হোসেন, আবুল বাসার, মো. আলম, মো. ইসমাইল, মো. রফিক, সামছুল হক, বেল্লাল, আহসান উল্যা, মনির হোসেন (দুজন), মো. ইব্রাহিম ও তছলিম মিঝি।
ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন বলেন, জাবেদ বিভিন্ন নারীর কাছ থেকে বিধবা ভাতা দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। তিনি জুয়াসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। নারীসংক্রান্ত কেলেঙ্কারির ঘটনায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আমাদের এবং দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এজন্য আমরা পদত্যাগপত্র জমা দিয়েছি।
এ বিষয়ে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া বলেন, আমরা কোনো কর্মীকে হারাতে চাই না। আমি তাদের পদত্যাগপত্রটি এমনিতেই রেখেছি, সাংগঠনিকভাবে গ্রহণ করিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, এক বিবাহিত নারীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেনকে গত ১৩ এপ্রিল দলীয় পদ থেকে অব্যাহতি দেয় ইউনিয়ন কমিটি। এর ছয় মাস ১৮ দিন পর গত ৩১ অক্টোবর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটুর স্বাক্ষরে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
মন্তব্য ০
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।