কুমিল্লা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, যে সুখবর এমপিও শিক্ষকদের জন্য এবার শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান, চার মাস্টারমাইন্ডসহ চিহ্নিত শীর্ষ ২৩ নেতা, কারা তারা সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে করের নিয়মে পরিবর্তন একযোগে বিএনপির ৩১ নেতার পদত্যাগ আগামীকাল যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জের সর্বশেষ অবস্থা নাতনি জামাই নামাজ পড়েন না, তাই থানায় অভিযোগ দায়ের রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, যে সুখবর এমপিও শিক্ষকদের জন্য এবার শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান, চার মাস্টারমাইন্ডসহ চিহ্নিত শীর্ষ ২৩ নেতা, কারা তারা সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে করের নিয়মে পরিবর্তন একযোগে বিএনপির ৩১ নেতার পদত্যাগ আগামীকাল যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জের সর্বশেষ অবস্থা নাতনি জামাই নামাজ পড়েন না, তাই থানায় অভিযোগ দায়ের
জীবনযাপন

গোপালগঞ্জের সর্বশেষ অবস্থা

ইডিটর | প্রকাশিত হয়েছে 10 hours আগে


গোপালগঞ্জের সর্বশেষ অবস্থা

গোপালগঞ্জের সর্বশেষ অবস্থা

এমটিনিউজ ডেস্ক : গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সাঁজোয়া যান (এপিসি) মোতায়েনের পাশাপাশি বিজিবি সদস্যদের শরীরে বডি–ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়। দুপুর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের কোনো মহড়া দেখা যায়নি।

বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয়সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন রয়েছে।

বিজিবি জানায়, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েন করা সর্বোচ্চসংখ্যক সদস্যের শরীরে বডি–ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

বিজিবি আরও জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন তারা।

সহিংসতার পর পরিস্থিতি স্বাভাবিক

গতকাল রোববারের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর আজ গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলার সরকারি-বেসরকারি অফিস, আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে। ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলা শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের ব্যাংকপাড়া মোড়, জেলা প্রশাসকের বাসভবন এলাকা, লঞ্চঘাট, যুগশিখা মোড়, থানাপাড়া মোড়, জজকোর্ট, হাসপাতাল, পুলিশ লাইনস মোড় ও বেদগ্রামসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

গতকালের সহিংসতার প্রভাব পড়েছিল সাধারণ মানুষের জীবনযাত্রায়। আজ ব্যবসাপ্রতিষ্ঠান খুললেও স্থানীয় ব্যবসায়ী ও পরিবহনশ্রমিকদের মধ্যে এখনো কিছুটা আতঙ্ক রয়েছে। শহরের ফল ব্যবসায়ী তরিকুল ইসলাম বলেন, ‘গতকাল ফল কিনে বিক্রি করতে পারিনি। সব সময় ভয়ে থাকি, কখন আন্দোলন শুরু হয়, কখন দোকান গুটিয়ে নিতে হয়।’

তবে আজ সকাল থেকে স্বাভাবিকভাবেই রিকশা চালাচ্ছেন বলে জানিয়েছেন চালক এনামুল হক। তার বাড়ি নড়াইলের কালিয়া উপজেলায়। সাত বছর ধরে গোপালগঞ্জে রিকশা চালান তিনি। গতকালের ঘটনার সময় দুই থেকে তিন ঘণ্টা রিকশা নিয়ে বের হননি। পরে বিকেলের দিকে বের হয়েছিলেন।

গতকালের সহিংসতার ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো কর্মসূচি দেওয়া হবে কি না, জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গতকাল বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মহড়া দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়। মহড়ার সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন তারা। 

রবিবার সন্ধ্যার দিকে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে অগ্নিসংযোগ করা হয়। একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। তিনি টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী। এর আগে ১০ নভেম্বরও গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেদিন পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

এ পরিস্থিতিতে গতকাল রাতে জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। তাদের সবাইকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।

এর আগে গতকাল বিকেলে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গতকালের সহিংসতার ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তারও করা হয়নি বলে জানিয়েছেন সদর থানার ওসি আমিনুল ইসলাম।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।